ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক : কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।


তিনি জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।


পরিবারগুলো মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় খরচ বহন করবে বলেও জানান শামা ওবায়েদ ইসলাম।