অনলাইন ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে এআই ক্যামেরাভিত্তিক এই ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়ককে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতে ইতোমধ্যে ৪৯০টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্ধারিত গতিসীমা অতিক্রম, উল্টো পথে চলাচল, নিষিদ্ধ স্থানে ওভারটেকিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন ক্যামেরার মাধ্যমে শনাক্ত হবে এবং স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে।
তিনি জানান, জরিমানার তথ্য তাৎক্ষণিকভাবে বিআরটিএর ডাটাবেজে যুক্ত হবে। এরপর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। অনলাইন বা মোবাইলের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে।
বারবার আইন লঙ্ঘনের ক্ষেত্রে বিদ্যমান আইন অনুযায়ী গাড়ির নিবন্ধন বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
মহাসড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশের কেউ চাঁদাবাজিতে জড়িত থাকলে ক্যামেরার নজরদারিতে তা রেকর্ড হবে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা মহাসড়কে অপরাধ কমাতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ছাড়া মহাসড়কে অননুমোদিত ও লাইসেন্সবিহীন থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে জানান তিনি। এসব যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
নতুন ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আশা, এর ফলে সড়কে আইন মানার প্রবণতা বাড়বে এবং দুর্ঘটনা কমবে।









Leave a Reply