অনলাইন ডেস্ক : শারদীয় দুর্গাপূজার এক বছরে দুইবার সাক্ষী হতে চলেছে বাংলা ও বাঙালি। নতুন এ খবর তোলপাড় তৈরি করেছে নেটদুনিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৬ সালের জোড়া সপ্তমী কিংবা ২০২৭ সালের জোড়া মহাঅষ্টমীর পর তিথি অনুযায়ী, ২০২৮ সালে এক বছরে দুইবার শারদীয় দুর্গাপূজার উৎসবে মাতবে বাঙালি।
আর এমনটি হবে পঞ্জিকার তিথি অনুযায়ী। হিন্দু শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, বাংলায় মূলত দুটি মত অনুসারে দুর্গাপূজা আয়োজিত হয়। একটি বিশুদ্ধ সিদ্ধান্ত, অপরটি সূর্য সিদ্ধান্ত।
বিশুদ্ধ সিদ্ধান্ত হল দৃকসিদ্ধ গণনা। অন্যদিকে, মহাজাগতিক অবস্থান দেখে সূর্য সিদ্ধান্তে তিথি, নক্ষত্র গণনা করা হয়। এ দুই সিদ্ধান্ত অনুসারে শারদীয় দুর্গাপূজা ২০২৮ সালে একই সময়ে পড়বে না।
জানা যায়, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ২০২৮ সালের পূজার আয়োজন করা হবে সেপ্টেম্বরের শেষ দিকে। আর সূর্য সিদ্ধান্ত মেনে পূজার আয়োজন করলে তা হবে অক্টোবরের মাঝামাঝি সময়ে। এ হিসেবে দুই পূজার আয়োজনে ১৫ দিনের বেশি ব্যবধান থাকবে।
জানা যায়, বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো মঠ, মন্দির, আশ্রম ইত্যাদি সংস্থাগুলো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পূজার আয়োজন করে। আর বনেদি বাড়ি , বারোয়ারি, সর্বজনীন পূজার আয়োজন করা হয় হয় সূর্য সিদ্ধান্ত মেনে।
বিরল এ ঘটনা এবারই প্রথম নয়। অতীতে ১৯৮০ সালে একবার দুই সিদ্ধান্ত অনুযায়ী দুইবার দেবী দুর্গার পূজার আয়োজন করা হয়েছিল। শাস্ত্রমতে, দুই পূজার আয়োজনই সঠিক। তবে এক বছরে দুইবার দুর্গাপূজার ক্ষেত্রে দুইবার সরকারি ছুটি ঘোষিত হবে না। অফিস, স্কুল, কলেজে ছুটি দেয়া হবে একবারই, সেটি হলো বারোয়ারি পূজার সঙ্গে মিল রেখে।




Leave a Reply