দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সম্ভাব্য পুশইন বা অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ কাজে বিজিবির সঙ্গে সমন্বয় করে রাতভর পাহারায় অংশ নিচ্ছেন স্থানীয় সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীরাও।
এ বিষয়ে বিজিবি সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার প্রায় ৪৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের অংশে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সীমান্ত দিয়ে পুশইনের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিভিন্ন বিওপিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তে নজরদারি আরও কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ রোধে দিন রাত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
দৌলতপুর রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, পুশইন বা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজিবির সঙ্গে টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন। সীমান্ত সুরক্ষায় এই সহযোগিতা অব্যাহত থাকবে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, দৌলতপুর সীমান্তে ২৪ ঘণ্টা টহল, মাইকিং এবং সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সম্ভাব্য পুশইন পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি সদস্য মোতায়েন রয়েছে এবং প্রয়োজন হলে আরও জনবল বৃদ্ধি করা হবে,সীমান্ত সুরক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সীমান্তবাসী আমাদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা পালাক্রমে বিজিবির সঙ্গে টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন।










Leave a Reply