মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন হাবিবুল ইসলাম ঠান্টু (৩২) নামের এক যুবক।পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আজ সোমবার (২৯ জুন) উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটেছে। আটককৃত ঠান্টু উপজেলার মাঝিহাট গ্রামের বাসিন্দা। তিনি মিরপুর উপজেলার মাঝিহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুন্টিয়ারচর গ্রামের ফারুক হোসেনের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় ঠান্টুর। অতিরিক্ত মাদকাসক্ত থাকার কারণে ক্ষুব্ধ হয়ে কয়েকদিন আগে তালাক নোটিশ পাঠায় তার স্ত্রী। এর প্রতিশোধ নিতে রবিবার রাতে শ্বশুরবাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে মাদক রেখে ট্রিপল নাইনে ফোন দেন তিনি। এ সংবাদের ভিত্তিতে পুলিশ ফারুক হোসেনের বাড়ি থেকে ওই মাদকদ্রব্য উদ্ধার করে।
এদিকে ৯৯৯-এ ঠান্ডুর দেওয়া মাদকের নিখুঁত তথ্যে পুলিশের সন্দেহ হয়। পাশাপাশি ফারুককে জিজ্ঞেস করে পুলিশ তালাকের বিষয়টিও জানতে পারে। পরে পুলিশ ঠান্ডুকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শ্বশুরকে ফাঁসাতে মাদক রাখার কথা স্বীকার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঠান্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আটক ঠান্টু নিয়মিত মাদক সেবন করেন। এ নিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার ঝামেলা চলছিল। স্বামীকে মাদক থেকে ফেরাতে স্ত্রী তালাকের নোটিশ দেয়। এতে ক্ষিপ্ত ঠান্টু শ্বশুরবাড়িতে মাদক রেখে এসে মিথ্যে গল্প সাজায়। তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।










Leave a Reply