নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর বেলা ১১ টার সময় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক এন এস রোড প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। এতে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকাসহ দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এক সংক্ষিপ্ত রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন এবং দলের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শ বজায় রেখে আগামী দিনে গণমানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-(২, ৩ ও ৪) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি সর্বদা রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে কুষ্টিয়া জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন দলের শীর্ষ নেতারা।
এসব কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দলের ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।









Leave a Reply