নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরে বাসার সামনে প্রকাশ্যে এক স্কুলছাত্রীকে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬ ) রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন।
গত সোমবার (৯ নভেম্বর ২০২৬ ) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বড় মসজিদ গলিতে নিজ বাসার প্রবেশপথে প্রকাশ্যে ছুরি দিয়ে আঘাতের শিকার হয় এক স্কুলছাত্রী। বিদ্যালয় থেকে বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে এসে তাকে ছুরি মেরে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর ইমন। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
গ্রেফতার কিশোর ইমন (১৭) কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করে পুলিশ। এরপর থেকেই তাকে গ্রেফতারের অভিযান চলছিল।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, কিশোরীর হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। রোগী বর্তমানে আশঙ্কামুক্ত। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সে আশঙ্কামুক্ত হলেও হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ছাত্রীর মা অভিযোগ করেন, ইমন দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। আগে একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে তাদের পরিচয় হয়। এরপর থেকে ইমন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি তার পরিবার ইমনের অভিভাবকদের জানালে কিছুদিন উত্ত্যক্ত করা বন্ধ রাখে সে। কিন্তু সোমবার স্কুল থেকে ফিরে বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ দিকে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তৎপর হয়। হামলার পর জেলা পুলিশ শহরে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে ও পরবর্তীতে মূল অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।






Leave a Reply