দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলফোনসহ ২ চোরাকারবারী আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৭টি মোবাইলফোনসহ ২জন চোরাকারবারী আটক হয়েছে।


ভারত থেকে চোরাইপথে মোবাইলফোন পাচার করার সময় তাদের আটক করা হয়। গতকাল দুপুরে এ তথ্য জানিয়েছে বিজিবি।


এ বিষয়ে বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ চক বিলগাতুয়া সুইচগেট সংলগ্ন পাকা রাস্তায় বিজিবি টহল দল অভিযান চালায়। এসময় সূর্য মালিথা (১৮) এবং মো. আসলাম হোসেন (৩২) কে ভারতীয় ৭টি মোবাইলফোন ও ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়।


আটক চোরাকারবারীরা উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের টুটুল মালিথা ও প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার মৃত শহিদুল মন্ডলের ছেলে।
জব্দকরা চোরাইপণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৭৮ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। পরে আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দিয়ে কুষ্টিয়া দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।


কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।