ডিপি ডেস্ক : পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে এক কাঠমিস্ত্রি বাবার বিরুদ্ধে। শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
শনিবার ২৯ আগস্ট সকালে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অভিযুক্ত মো. মারুফ ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। তার দেড় বছরের শিশুপুত্রের নাম মুসা।
পরিবারের ভাষ্য, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারুফ স্বীকার করেন, আইফোন কেনার জন্য তিনি তার শিশুপুত্র মুসাকে দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকায় লিখিতভাবে বিক্রি করেছেন। শিশুটিকে বিক্রির টাকা দিয়ে ঢাকায় গিয়ে পুরোনো আইফোন দিয়ে নতুন আইফোন কেনেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মারুফ ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।










Leave a Reply