নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ায় জেলা পুলিশের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ২০২৬ কুষ্টিয়া পুলিশ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
মতবিনিময়ের শুরুতে পুলিশ সুপার সকলকে অগ্রীম শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান।
জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবস্থলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও এক অনন্য উৎসব। তাই উৎসবকে ঘিরে কোথাও যেন বিশৃঙ্খলা, গুজব কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও কোথাও কোনো সমস্যা হলে দ্রুত জেলা পুলিশের হটলাইন নাম্বারে অবহিত করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন।
সভায় নিরাপত্তা, শৃঙ্খলা ও প্রগতির সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় দুর্গোৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভার মধ্য দিয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির পারস্পরিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, ডিআইও(১), ডিএসবি, কুষ্টিয়া, ইনচার্জ, সাইবার ক্রাইম ইউনিট, কুষ্টিয়া, ওসি, ডিবি কুষ্টিয়া।
কুষ্টিয়া সকল থানা এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply