কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুরের দিকে কুমারখালীর কয়া ঘোড়াইঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্য স্থানটি তিনি সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও খোঁজ-খবর নেন।
প্রতিমন্ত্রী জানান,সম্প্রতি আবরার ফাহাদের পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই সেতুর দাবি জানালে, তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী এলজিইডির ব্রিজ সংক্রান্ত প্রকল্পের প্রকৌশলীদের সঙ্গে নিয়ে আমি আজকে এখানে সরজমিনে পরিদর্শনে এসেছি। আগামীকাল থেকেই এই ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডি, সয়েল টেস্ট এবং ডিজাইনের কাজ শুরু করার জন্য আমি আজকেই মৌখিকভাবে নির্দেশনা দিয়ে যাব।
এ বিষয়ে তিনি আরও বলেন, একটু সময় লাগবে, কারণ এই ব্রিজে প্রায় ২৫০ থেকে ৩০০ কোটির মতো টাকার প্রয়োজন হবে। এজন্য আমাদের আলাদা একটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রণয়ন করতে হবে। এই ডিপিপি প্রণয়নের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে প্ল্যানিং কমিশন, অর্থ বিভাগ এবং একনেক থেকে এটি অনুমোদিত হতে হবে। সব মিলিয়ে আমরা আশা করছি, এই শুষ্ক মৌসুমের শেষের দিকে টেন্ডারের মাধ্যমে আমরা যাতে ব্রিজের মূল কাজ শুরু করতে পারি।
এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা মোঃ বরকত উল্লাহ, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির সরকার, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য ফরিদা পারভিন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিমসহ কুষ্টিয়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Leave a Reply