রোহান আহমেদ, দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আজ রোববার (১১ মে) দুপুরে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ মে রাত ৭টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর কামারপাড়া গোরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় রুবেল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার বাসিন্দা।
আটককৃত ব্যক্তির কাছ থেকে ভারতীয় ১০ বোতল মদ ও ৫ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১৭ হাজার টাকা।
এছাড়া একই দিন রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ এবং ১ হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৭২ হাজার ৮০০ টাকা।
অপরদিকে, ১১ মে রাত পৌনে ২টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ দশমিক ৭ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য ৫৩ হাজার ৫০০ টাকা।

একই রাতে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর ঘাট এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ৪৩ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।
এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










Leave a Reply