কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইদের হামলায় এক যুবকের মৃত্যু, আটক ২ জন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চাচাতো ভাইদের হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মামুন মোল্লা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা মোজা মোল্লা (৭৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।


গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে শনিবার (১১ জুলাই) ভোররাতে ঢাকায় নেওয়ার পথে মামুন মোল্লার মৃত্যু হয়।


এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এলাকায় গরু চুরির চেষ্টার একটি ঘটনার পর ঘটনাস্থলে একটি টর্চলাইট পাওয়া যায়। সেটি মামুন মোল্লার বলে সন্দেহ করেন তার চাচাতো ভাইয়েরা। এ নিয়ে পূর্বের জমি-সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার বিকেলে মামুনের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।


অভিযোগ অনুযায়ী, জাব্বার মোল্লাসহ কয়েকজন লাঠি ও লোহার শাবল দিয়ে মামুনকে মারধর করেন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার বাবা মোজা মোল্লাকেও মারধর করা হয়।


স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


এ বিষয়ে নিহতের ভাগ্নে সৌরভ দাবি করেন, দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে এবং গরু চুরির অভিযোগ তুলে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, হামলায় আহত মামুন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় উজ্জ্বল মোল্লা (৪৮) ও জাব্বার মোল্লা (৩৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Alhamdulillah...