দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া সীমান্ত দিয়ে ৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে বিজিবির বাধা ও জোরালো প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ওই ৪জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৫৩/৯-এস পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের একটি টহল দল ৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই ৪ জনের মধ্যে ২ জন পুরুষ ও দুজন নারী ছিলেন।
ঘটনাটি সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের নজরে এলে তাঁরা তাৎক্ষণিকভাবে বাধা দেন। ৪ জনকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা বন্ধ করতে বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেন এবং বিএসএফের কাছে প্রতিবাদ জানান।
বিজিবির তৎপরতা ও জোরালো অবস্থানের কারণে শেষ পর্যন্ত ওই ৪ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা সফল হয়নি।
পরে সকাল আনুমানিক ৮টার দিকে বিএসএফ ওই ৪ ভারতীয় নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। ফলে সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত আইন লঙ্ঘন এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।



Leave a Reply