কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে
গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষানুরাগী, সাহিত্যিক ও বাউল সাধক কাঙ্গাল হরিনাথ মজুমদারের জীবন ও কর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরে জাদুঘর কর্তৃপক্ষের আয়োজনে কাঙ্গাল হরিনাথ মজুমদারের জীবন ও কর্ম শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার শক্তিপদ হলদার।
আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় জাদুঘরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ড. শওকত ইমাম খান।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এবং কাঙ্গাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রাণী মজুমদার।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কাঙ্গাল হরিনাথ মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার মণ্ডল।
সেমিনারে বক্তারা মহান এই মনীষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর আদর্শ ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বক্তারা বলেন, কাঙ্গাল হরিনাথ মজুমদার সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি যে সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশ করেছেন, তা আজও সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার চর্চায় তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মকে পথ দেখাবে।










Leave a Reply