কুষ্টিয়ার কুমারখালীতে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে বাদশা শেখ (৪২) নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।


আজ বুধবার (১৫ জুলাই) বেলা ১২টার দি‌কে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড় সাঁওতা এলাকায় কালী নদীর শুকিয়ে যাওয়া অংশের একটি কলাবাগান থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।


নিহত বাদশা শেখ একই ইউনিয়‌নের সাঁওতা গ্রা‌মের মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালী গঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।


নিহতের নিকট আত্মীয় চাপড়া ইউনিয়ন প‌রিষ‌দের) ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার হেলাল শেখ জানান, বাদশা তার ফুফাতো ভাই। প্রায় তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় । এরপর আর তিনি বাড়ি ফেরেননি।


পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার বেলা ১২টার দি‌কে সকালে স্থানীয় এক ব্যক্তি মু‌ঠোফোনে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বাদশার লাশ শনাক্ত করেন।


কুষ্টিয়া কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার হওয়ার কথা শুনেছেন, ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে।