ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় ১২ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে শাহবুল আলী (৪৫) সম্পর্কে সৎ নানা, নানির দ্বিতীয় স্বামী ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা, এ ঘটনায় অভিযুক্ত সৎ নানাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শাহবুল আলী ভেড়ামারা পৌরসভার ৩নং ওয়ার্ড নওদাপাড়া গ্রামের মৃত পরিষ্কার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি আগের দিন রাতে নানির বাড়িতে বেড়াতে আসে, সকালে সৎ নানা শাহবুল আলী পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজ ঘরে ডেকে নেন। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
পরে শিশুটি কান্নাকাটি করতে করতে ঘর থেকে বের হলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










Leave a Reply